ফেসবুকের রেটিং কমিয়ে দিলো ফিলিস্তিন সমর্থকরা
সম্প্রতি অনেকেই অভিযোগ করেছেন ফিলিস্তিনকে সমর্থন করে কোনো পোস্ট দিলে সেটি সরিয়ে ফেলছে ফেসবুক। এমনকি অনেকের অ্যাকাউন্টেও নানা বিধিনিষেধ আরোপ করছে করছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আর এসব কারণে ফেসবুকের উপর ক্ষিপ্ত অনেকেই। যার ফল পেতে হলো ফেসবুককে। খবর এনগ্যাজেট।
অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে ফেসবুক অ্যাপের রেটিংয়ের সাম্প্রতিক পরিবর্তন বেশ লক্ষ্যণীয়। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকের প্রাতিষ্ঠানিক নীতির বিরোধিতা করে সক্রিয় ফিলিস্তিন সমর্থকরা উভয় অ্যাপের রেটিং কমিয়ে দিয়েছেন।
ইতিমধ্যেই লাখো সংখ্যক সর্বনিম্ন রেটিং (ওয়ান স্টার) এর রিভিউ পেয়েছে ফেসবুক। এসব রিভিউতে অনেকেই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে দিচ্ছে না।
ব্যবহারকারীদের সেন্সর করার অভিযোগ অস্বীকার করলেও ফেসবুক জানিয়েছে তারা সাম্প্রতিক বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিকারক কনটেন্ট সরিয়ে ফেলা ও ভুল তথ্য সংশোধন করার কাজ করছে ফেসবুক।
অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর অবশ্য অ্যাপের রিভিউতে হস্তক্ষেপ করে না। জানা গেছে ফেসবুক এই এক তারকা রিভিউ সরানোর অনুরোধ জানিয়েছে স্টোর দুটিকে। তবে অ্যাপল এগুলো সরাতে রাজি হয়নি। তবে গুগল কী উত্তর দিয়েছে সেটি জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি